বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০২ জুন ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

জামিন আবেদনের বিষয়ে তাঁর আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের পক্ষে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ১১ মে প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে তিনি ইতোমধ্যে জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টের সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে তাঁর সমর্থক ও আইন অঙ্গনের সংশ্লিষ্টদের।