মঙ্গলবার
০২ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন। ঘটনার কারণ এখনও তদন্তাধীন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বিকল হওয়া, শ্বাসরোধজনিত পরিস্থিতি কিংবা গ্যাস লিকেজ—সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৃত শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় ভবিষ্যৎ বিচারিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে দাফনের পরও মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি এমন ঘটনা ঘটে থাকে, তা নিন্দনীয়। তবে এ বিষয়ে মামলা হয়েছে কি না, সে তথ্য তার জানা নেই। অভিযোগ বা মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত করবে।
একই সংবাদ সম্মেলনে পল্লবীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে সরকারের সহযোগিতার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বাকি সাক্ষীদের আদালতে হাজির করতে সরকার সহায়তা করছে। তবে বিচারিক সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।