রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০২ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চয়তায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। আগের দিনের উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় মঙ্গলবার (২ জুন) ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই নিম্নমুখী হয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট কমে ৯৪ দশমিক ২৩ ডলারে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৫ সেন্ট কমে দাঁড়িয়েছে ৯১ দশমিক ৩১ ডলারে।

এর আগে সোমবার দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। তবে মে মাসজুড়ে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় বিশ্ববাজারে তেলের দাম ১৬ শতাংশের বেশি কমেছিল।

বিশ্লেষকদের মতে, বর্তমানে বাজারের প্রধান নজর যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে কি না, সেদিকে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আলোচনায় অগ্রগতি হলে তেলের দামের ওপর চাপ কমতে পারে। তবে নতুন কোনো জটিলতা সৃষ্টি হলে আবারও দাম বাড়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এখনও বাজারকে প্রভাবিত করছে।

এদিকে লেবানন আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমনে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে এশিয়া ও ইউরোপে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের চাহিদা বেড়েছে। ফলে মে মাসে দেশটির তেল রপ্তানি দৈনিক ৫৬ লাখ ব্যারেলের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।