মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৩ জুন ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাসের ধাক্কায় আহত নাফিজ, মৃত্যুর কাছে হার মানলেন ১১ দিন পর

রাউজান প্রতিনিধি: বান্দরবানে বন্ধুদের সঙ্গে ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাউজানের কলেজছাত্র নাফিজ বিন ফারুকী (২১)।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাফিজ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধাপাড়া বড় বাড়ির বাসিন্দা ফারুক আহমেদের একমাত্র ছেলে। তিনি নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে বান্দরবান ভ্রমণে গিয়েছিলেন নাফিজ। সেখান থেকে ফেরার পথে বিকেল ৪টার দিকে পটিয়া বাইপাস সড়কে ‘সৌদি’ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাফিজ এবং চালক ফাহিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দীর্ঘ ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার নাফিজের মৃত্যু হয়। অন্যদিকে আহত ফাহিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মামা আতিকুল্লাহ মুরাদ জানান, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও নাফিজকে বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কাঁঠালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নাফিজের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।