বুধবার
০৩ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, নতুন খাতে সম্ভাবনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মিতসুই বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি, খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আরও জানানো হয়, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সরকারি সংস্থার সেবাকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগ কার্যক্রম আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
মিতসুই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন এশিয়া-প্যাসিফিক বিজনেস ইউনিটের প্রধান কৌশল কর্মকর্তা (চিফ স্ট্র্যাটেজি অফিসার) তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার উপ-মহাব্যবস্থাপক (ডেপুটি জেনারেল ম্যানেজার) মো. মনিরুজ্জামান।