বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৪ জুন ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৩৭৮ হজযাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছাল প্রথম ফিরতি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামে ফিরেছেন হজযাত্রীদের প্রথম দল। জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ৩৭৮ জন হাজি বুধবার (৩ জুন) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফ্লাইট অবতরণের পর হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে আসায় বিমানবন্দরজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। অপেক্ষার প্রহর শেষে প্রিয়জনদের বরণ করে নিতে বিমানবন্দরে ভিড় করেন পরিবারের সদস্যরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের নির্বিঘ্ন আগমন নিশ্চিত করতে লাগেজ হ্যান্ডলিং, ইমিগ্রেশন ও গ্রাউন্ড সার্ভিসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটে আরও ৮২৬ জনসহ মোট ৫ হাজার ৫৭৪ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে। প্রতিটি ফ্লাইটে যাত্রীসেবা, স্বাস্থ্যসেবা ও লাগেজ ব্যবস্থাপনায় বিশেষ নজর রাখা হচ্ছে।

হজযাত্রীদের প্রথম ফ্লাইটের আগমনকে ঘিরে বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ। দেশে ফিরে অনেক হাজি মহান আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার দোয়া করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।