শুক্রবার
০৫ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পদক্ষেপ কিউবার কমিউনিস্ট নেতৃত্বের ওপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধির ধারাবাহিকতার অংশ।
নিষেধাজ্ঞার আওতায় প্রেসিডেন্ট দিয়াজ-কানেলের পাশাপাশি আরও চার ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন তার স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা, কাস্ত্রো পরিবারের দুই সদস্য এবং কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।
২০১৮ সাল থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মিগুয়েল দিয়াজ-কানেল। তিনি সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো-এর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত মাসেও কিউবার তথ্য ও যোগাযোগমন্ত্রী, কয়েকজন সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ ১১ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চায় কিউবা একটি কার্যকর ও সুশাসিত রাষ্ট্রে পরিণত হোক।
অন্যদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞাকে ‘নিন্দনীয়’ আখ্যা দেন। তিনি বলেন, এটি কিউবার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের আরেকটি উদাহরণ এবং এ ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়াবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে এই নতুন নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।