রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৫ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিজ্ঞানমনস্ক না হলে জলবায়ু সংকট বোঝা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিজ্ঞানমনস্কতা ছাড়া ভবিষ্যৎ পৃথিবীর অনিবার্য সংকট সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব নয়।

শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত জলবায়ুবিষয়ক চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জিটিডি মিডিয়া প্রোডাকশন’-এর উদ্যোগে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বিশ্বের কিছু প্রভাবশালী নেতা এখনও জলবায়ু পরিবর্তনকে বড় সংকট হিসেবে স্বীকার করতে চান না। কারণ এই সংকট সরাসরি চোখে দেখা যায় না। তবে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত স্পষ্টভাবে প্রমাণ করছে যে, জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য অন্যতম বড় হুমকি।

করোনাভাইরাস মহামারির উদাহরণ তুলে তিনি বলেন, “করোনার জীবাণু খালি চোখে দেখা যায়নি, তবুও এর ভয়াবহতা পুরো বিশ্বকে ভোগ করতে হয়েছে। বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের কারণেই সেই সংকট অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হয়েছে।”

জহির উদ্দিন স্বপন আরও বলেন, নীতিনির্ধারকরা যদি বৈজ্ঞানিক পদ্ধতির ওপর আস্থা না রাখেন, তাহলে জলবায়ু সংকটের গভীরতা উপলব্ধি করা কঠিন হবে। ফলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেও বাধা সৃষ্টি হবে।

চলচ্চিত্র উৎসবের আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে চলচ্চিত্র অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। মানুষের চিন্তা, উপলব্ধি ও সিদ্ধান্ত গ্রহণে চলচ্চিত্র দ্রুত প্রভাব ফেলতে পারে, যা জলবায়ু সংকট মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, পরিবেশবিদ, গবেষক ও চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত ছিলেন।