রবিবার
০৭ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশে মূল্যস্ফীতির হার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রোববার (৭ জুন) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা গেছে, মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। এপ্রিল মাসে এ হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।
এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার বেড়েছে দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট।
বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় সার্বিক মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রভাব পরিবহন ব্যয়সহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় পড়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বাজারদরে।
অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিম্ন ও মধ্যআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলতে পারে। ফলে বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।