রবিবার
০৭ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন রোববার (৭ জুন) শুরু হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত চলা এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠকে বাজেট অধিবেশনের কার্যক্রম, সময় বণ্টন ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হবে।
চলতি অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের ওপর সাধারণ আলোচনা ও বিভিন্ন মন্ত্রণালয়ের অনুদান দাবির ওপর আলোচনা শেষে ৯ জুলাই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, প্রয়োজন হলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চার দিন প্রতিদিন দুই দফা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এছাড়া অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এ অধিবেশনের জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশে ১৯১টি এবং বিভিন্ন মন্ত্রীর উদ্দেশে ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী ৯৮টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ২৯৩টি সিদ্ধান্ত প্রস্তাব জমা পড়েছে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামালও বৈঠকে অংশ নেন।