রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৮ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নিয়ম মেনেই অবৈধ অভিবাসী ফেরত নিতে হবে: শামা ওবায়েদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সীমান্তে ভারতীয় পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, পুশইন বন্ধে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি পাঠিয়েছে।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, আন্তর্জাতিক নিয়ম-কানুন উপেক্ষা করে কাউকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর একটি স্বীকৃত প্রক্রিয়া রয়েছে, ভারতকে সেই প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তে পুশইনের ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে—এমন অভিযোগের পর দেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা সীমান্তে টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছেন।

এদিকে, সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে, যা চলবে ১১ জুন পর্যন্ত।

বিজিবি জানিয়েছে, এই সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।