রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

০৯ জুন ২০২৬

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চকরিয়ায় পাচারের আগে উদ্ধার হনুমান ও ১২ কচ্ছপ, আটক একজন

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের চকরিয়ায় পাচারের উদ্দেশ্যে রাখা একটি হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে উপজেলার ভাঙারমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হাদিস উর রহমান (৪০) ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। বন বিভাগের দাবি, তিনি বন্যপ্রাণী সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চকরিয়ায় অবস্থান করছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি একটি আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য হতে পারেন। উদ্ধার হওয়া প্রাণীগুলো ঢাকায় নিয়ে গিয়ে পরবর্তীতে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।”

বন বিভাগের ধারণা, উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।