রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৯ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:: দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

মঙ্গলবার (৯ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে।

দলের হয়ে চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন ৭০ বলে অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ ও তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদের ১৫ বলে ২০ রানের ক্যামিও ইনিংস দলকে বড় সংগ্রহ গড়তে সহায়তা করে।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদ ফেরান ম্যাথু শর্টকে। এরপর মোস্তাফিজুর রহমানের শিকার হন মার্নাস লাবুশেন।

নাহিদ রানার গতির সামনে দাঁড়াতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তিনি ৪ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপে ধস নামান। মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট।

৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান সংগ্রহ করার পর বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল মাত্র এক উইকেট। দীর্ঘ অপেক্ষার পর খেলা আর শুরু করা সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করেন আম্পায়াররা।

এটি ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ওয়ানডেতে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় জয়।