বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৯ জুন ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘দেশ পরিবর্তনের দায়িত্ব আমাদেরই’—চট্টগ্রামের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়ন এবং জন-প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণ যাতে সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পায়, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম দায়িত্ব।

মঙ্গলবার (৯ জুন) নগরের পিটিআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত মানুষের ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এটি জনআস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রশ্ন তুলে বলেন, নানা সভা-সেমিনার ও পরিকল্পনার পরও বাস্তবে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে কি না, তা আত্মসমালোচনার মাধ্যমে মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কাছ থেকে বেতন ও সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) গোলাম মোহাম্মদ মইনুদ্দিন। তিনি বলেন, গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প-এর আওতায় আয়োজিত এ সভায় চট্টগ্রামের ১৫টি উপজেলার ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ১৯১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় বিভিন্ন ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা করা হয়। যেসব ইউনিয়নে মামলার সংখ্যা কম বা শূন্য, সেখানে সচেতনতা বৃদ্ধি, জনআস্থা তৈরি এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে সংরক্ষণ ও পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।