শুক্রবার
১২ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শুক্রবার (১২ জুন) দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, পারস্পরিক বিশ্বাস ও আন্তরিকতার মাধ্যমে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। বাংলাদেশ ও ভারত উভয়ই শক্তিশালী গণতান্ত্রিক দেশ। দুই দেশ একসঙ্গে কাজ করলে আরও বড় অর্জন সম্ভব হবে।
তিনি বলেন, দুই দেশের মোট জনসংখ্যা ১৬০ কোটিরও বেশি। ভারত ও বাংলাদেশের মানুষ একই অঞ্চল, পরিবেশ ও সংস্কৃতির অনেক কিছু ভাগাভাগি করে। এ কারণে বাংলাদেশে এসে নিজেকে বিদেশি মনে হয় না বলেও মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের শুধু অভিন্ন সীমান্তই নয়, অভিন্ন আকাঙ্ক্ষাও রয়েছে। ভিসা-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে উভয় দেশ একসঙ্গে কাজ করবে।
দুই দেশের জনগণের সম্পর্ক আরও জোরদার করাই তার প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং তা জনগণের মধ্যকার দীর্ঘদিনের বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।
নতুন হাইকমিশনারের সঙ্গে তার স্ত্রী মিনাল ত্রিবেদীও বাংলাদেশে এসেছেন। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবনকুমার তুষীধাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল আরিফ মাহমুদ এবং বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।