রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৩ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাহ আমানত বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ প্রসাধনীর চালান আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল ৬টা ৫০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলার বিএস-৩৫০ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৪৭ কার্টন সিগারেট এবং ২৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।

আটক যাত্রীরা হলেন বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া এবং রাউজানের মোহাম্মদ হাসান। উদ্ধার হওয়া সিগারেটের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জব্দ করা পণ্যগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস ইন্টেলিজেন্স।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মে মাসেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ হাজার ৮৩৪ কার্টন সিগারেট এবং ২ হাজার ৭৫১ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছিল।