রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৪ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ায় এই ম্যাচে খেলছেন না। তবে টসের সময় নাজমুল হোসেন জানান, মিরাজ বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে এশিয়ার প্রথম দল হিসেবে ওয়ানডেতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে বাংলাদেশ।

এছাড়া এই ম্যাচে জয় পেলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে অষ্টম স্থানে উঠে আসবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৪। প্রথম দুই ম্যাচে জয়ের পর তা বেড়ে দাঁড়িয়েছে ৮৮-তে। অন্যদিকে ইংল্যান্ডের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন সিরিজ হারকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ব্যবধান ৩-০ হোক বা ২-১, দিনশেষে সিরিজটা আমরা হেরেই গেছি।”

অন্যদিকে বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকার মনে করেন, সিরিজ জয় বড় অর্জন হলেও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে সেটি হবে আরও স্মরণীয় সাফল্য। তার ভাষায়, “সিরিজ জয় আমাদের জন্য বড় অর্জন। তবে ৩-০ করতে পারলে সেটি হবে বিশেষ কিছু।”

পরিসংখ্যান বলছে, ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র ছয়বার হোয়াইটওয়াশ হয়েছে। অন্যদিকে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে সিরিজে ধবলধোলাই করেছে। এবার সেই তালিকায় যোগ হতে পারে অস্ট্রেলিয়ার নামও।

মিরপুরে শেষ ওয়ানডেতে তাই বাংলাদেশের লক্ষ্য শুধু আরেকটি জয় নয়, বরং ইতিহাসের নতুন অধ্যায় রচনা।