রবিবার
১৪ জুন ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৪ জুন) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, নাফ নদী ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় অভিযান চালানো হয়।
রাত ১০টার দিকে পরিচালিত অভিযানে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২টি হ্যান্ড গ্রেনেড (৩৬ এমএমকে-আই), ৮টি এইচইডিপি গ্রেনেড (৪০ মিলিমিটার), ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তাদের মতে, উদ্ধার হওয়া বিস্ফোরক ও গোলাবারুদ কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রের হাতে পৌঁছালে বড় ধরনের নাশকতার আশঙ্কা ছিল। সময়মতো অভিযান পরিচালনার মাধ্যমে সম্ভাব্য একটি বড় দুর্ঘটনা ও নাশকতার ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।