রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৫ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

২৩৯ গোলের মাইলফলক, বিশ্বকাপে নতুন রাজা জার্মানি

ক্রীড়া প্রতিবেদক:: কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি। দুর্দান্ত এই জয়ের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের রেকর্ডও নিজেদের করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শুরুর আগে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা ছিল ২৩২। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোল করার পর তাদের মোট গোল দাঁড়িয়েছে ১১৩ ম্যাচে ২৩৯টি। ফলে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ব্রাজিলকে টপকে নতুন রেকর্ড গড়েছে ইউরোপের ফুটবল পরাশক্তি।

অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের গোলসংখ্যা ১১৫ ম্যাচে ২৩৮। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় গোলের হিসাবে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা দেশগুলোর তালিকায় জার্মানি ও ব্রাজিলের পরেই রয়েছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ৮৮ ম্যাচে ১৫২ গোল। এরপর রয়েছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮) এবং স্পেন (১০৮)।

কুরাসাওয়ের বিপক্ষে বড় জয় জার্মানিকে আত্মবিশ্বাসী করে তুলেছে। গত দুই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল তারা।

জার্মানির পরবর্তী ম্যাচ ২১ জুন, প্রতিপক্ষ আইভরি কোস্ট।