মঙ্গলবার
১৬ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ চালানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে।
এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একই জাহাজ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে আসছে।
এদিকে, গত মাসের মাঝামাঝি সময়ে ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজও সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত তেল দেশে নিয়ে আসে।
ইরান-সংকটের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধিত তেল আমদানি কার্যত বন্ধ হয়ে যায়। এতে দেশে অপরিশোধিত তেলের সংকট দেখা দেয় এবং একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের পরিশোধন কার্যক্রম ১৪ এপ্রিল থেকে প্রায় স্থবির হয়ে পড়ে।
তবে গত ৬ মে ‘এমটি নিনেমিয়া’র প্রথম চালান দেশে পৌঁছানোর পর ইস্টার্ন রিফাইনারি আবারও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরে আসে। নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।