মঙ্গলবার
১৬ জুন ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সময়সূচি ও ধাপ নির্ধারণে বাজেট বরাদ্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজেট প্রাপ্যতার ভিত্তিতে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সংসদে আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সব উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা পরিষদের জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে রাজধানীতে পানির চাহিদা ও সরবরাহ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।
তিনি বলেন, পানির গুণগত মান নিশ্চিত করতে ঢাকা ওয়াসা প্রতিদিন মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪০ থেকে ৫০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তি ও রাসায়নিক ব্যবহার করে এসব পরীক্ষা পরিচালনা করা হয়।