বুধবার
১৭ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: শিরোপা ধরে রাখার মিশনে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ এক গোলে আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই জালে বল পাঠিয়েছিলেন মেসি। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। এতে ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি ফিরে আসে সমর্থকদের মনে, যেখানে একাধিক গোল অফসাইডে বাতিল হয়েছিল আর্জেন্টিনার।
তবে মেসি যখন মাঠে, তখন গোলের আশা কখনোই ফুরিয়ে যায় না। ম্যাচের ১৭তম মিনিটে সেই বিশ্বাসেরই প্রতিফলন ঘটান আর্জেন্টাইন অধিনায়ক। রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের অর্ধ থেকে দ্রুত এগিয়ে যান তিনি। কয়েকজন ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জড়িয়ে দেন জালে। ৩৮ বছর বয়সী মেসির এই অনবদ্য গোল দর্শকদের আবারও মুগ্ধ করে।
প্রথমার্ধে বলের দখলে স্পষ্ট আধিপত্য ছিল আর্জেন্টিনার। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ৫৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে আলজেরিয়ার দখলে ছিল ৪১ শতাংশ। দুই দলই দুটি করে শট নিলেও আর্জেন্টিনা একটি শট লক্ষ্যে রেখে গোল আদায় করে নেয়। অন্যদিকে আলজেরিয়ার কোনো শটই লক্ষ্যে ছিল না।
আলজেরিয়াও একবার জালে বল পাঠিয়েছিল। তবে সেটিও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ফলে মেসির চোখ ধাঁধানো গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।