শুক্রবার
১৯ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের ওপর সমান গুরুত্ব দিতে হবে।
শনিবার অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি ইতিবাচক উদ্যোগ। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতকে আধুনিক, পরিমার্জিত ও সময়োপযোগী করতে কাজ চলছে।
তিনি জানান, পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারকে পাঠ্যক্রমে যুক্ত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমেও শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এতে মাদকাসক্তি ও মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তির মতো সামাজিক সমস্যা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর নীতিমালা প্রণয়ন করেছে। এ নীতিমালার আওতায় দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী—বালক ও বালিকা উভয়েই—এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা ও পরিসরের দিক থেকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মননশীল বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করছে। এর ফলেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ছেলে-মেয়েরা, বিশেষ করে ফুটবলে, উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের উজ্জ্বল মুখ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বাড়াবে। তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।