রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২০ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী, সই হতে পারে ১৫-১৭ সমঝোতা স্মারক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফরে দুই দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হতে পারে। এর মধ্যে চীনের সঙ্গে ১৫ থেকে ১৭টি এবং মালয়েশিয়ার সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, প্রধানমন্ত্রী ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন। রোববার (২১ জুন) দুপুরে ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি হবে তার প্রথম রাষ্ট্রীয় সফর।

মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও শ্রমবাজার

২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসংযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়ার বিষয়ও আলোচনায় থাকবে।

এই সফরে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে।

চীন সফরে ১৫-১৭টি সমঝোতা স্মারক

পররাষ্ট্রসচিব জানান, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছাবেন। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দলিল সই হতে পারে।

২৩ জুন প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন এবং ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি কাজাখস্তান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক

২৫ জুন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

২৬ জুন প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। একই দিন তিনি তিয়েনআনমেন স্কয়ারে বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রীর এ দুই সফরের মাধ্যমে বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের বেসরকারি খাতের সঙ্গে যোগাযোগ জোরদার করা হচ্ছে এবং চীনের জন্য নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজও এগিয়ে চলছে।