সোমবার
২২ জুন ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণালঙ্কারের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা (ভ্যাটসহ)।
সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম বৃদ্ধির কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী—২২ ক্যারেট: ২,৩০,৭৭২ টাকা (ভ্যাটসহ) ২১ ক্যারেট: ২,২০,৩৯১ টাকা (ভরিতে ৪,১৯৯ টাকা বৃদ্ধি) ১৮ ক্যারেট: ১,৮৯,২৪৮ টাকা (ভরিতে ৩,৫৫৭ টাকা বৃদ্ধি) সনাতন পদ্ধতি: ১,৫৪,৬০৬ টাকা (ভরিতে ২,৯১৬ টাকা বৃদ্ধি)।
এর আগে ২০ জুন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা এবং ১৯ জুন আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। পরপর দুই দফা মূল্যহ্রাসের পর এবার আবার বড় ব্যবধানে দাম বাড়ানো হলো।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে আগের নিয়ম অনুযায়ী রুপার অলংকার কিনতে নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে।
বর্তমান দর অনুযায়ী প্রতি ভরি রুপার দাম—২২ ক্যারেট: ৫,২৪৯ টাকা, ২১ ক্যারেট: ৫,০১৬ টাকা, ১৮ ক্যারেট: ৪,২৫৭ টাকা, সনাতন পদ্ধতি: ৩,২০৮ টাকা।
বাজুসের এই নতুন মূল্যতালিকা সোমবার সকাল ১০টা থেকে দেশের সব স্বর্ণ বিক্রয়কেন্দ্রে কার্যকর হয়েছে।