সোমবার
২২ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করা হয়েছে। চিঠি অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি; বরং অতীতের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও স্থিতিশীল ও সন্তোষজনক।
মন্ত্রী আরও বলেন, মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে।
সরকারের আশা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সমন্বিত তৎপরতায় সংশ্লিষ্ট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।