মঙ্গলবার
২৩ জুন ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, এদিন দুদকপক্ষ সাতজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলায় মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ব্যাংকের সাবেক পরিচালক, কর্মকর্তা এবং জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ‘ভিশন ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ বিভিন্ন কর্মচারীর মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় এবং বিদেশে সম্পদ কেনা হয়।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব অনিয়ম সংঘটিত হয়।
তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান ২০২৬ সালের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই দায়ের হওয়া এ মামলায় শুরুতে ৩১ জনকে আসামি করা হলেও তদন্তে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়ায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জন। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।