সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২৫ জুন ২০২৬

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ওভারটেকের সময় মুখোমুখি সংঘর্ষ, পটিয়ায় আহত পাঁচ

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের বাম পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া বাইপাসের কচুয়াই সি.টি. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূর্বাণী পরিবহনের একটি বাস সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, বাসে থাকা যাত্রীরা সবাই নিরাপদ ছিলেন। তবে প্রাইভেট কারে চালকসহ পাঁচজন আরোহী ছিলেন এবং তারা সবাই আহত হন।

পুলিশ জানায়, আহত চারজনের অবস্থা স্থিতিশীল হলেও একজনের বাম পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।