শনিবার
২৭ জুন ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়।
সাধারণত তিন থেকে চার মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার ছয় মাস পর তা খোলা হয়। ফলে এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, মসজিদের ১৩টি দানবাক্স থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। কড়া নিরাপত্তার মধ্যে এসব টাকা গণনার কাজ চলছে। গণনা শেষে দানের মোট পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ১৩টি দানবাক্স থেকে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে সেখানে রেকর্ড ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা জমা হওয়ার তথ্য জানানো হয়। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল।
সব ধর্মের মানুষের কাছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ একটি আস্থার ও শ্রদ্ধার স্থান। জনশ্রুতি রয়েছে, আন্তরিক নিয়তে এখানে দান করলে মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই দেশ-বিদেশের মানুষ নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, গবাদিপশু, হাঁস-মুরগি ও অন্যান্য সামগ্রী দান করে থাকেন।
প্রতিবারের মতো এবারও দানবাক্স খোলার ঘটনাকে ঘিরে মসজিদ প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। প্রশাসনের তত্ত্বাবধানে ও কঠোর নিরাপত্তার মধ্যে দান গণনার কার্যক্রম চলছে।