শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৮ জুন ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক:: গ্রুপপর্বে শতভাগ সাফল্য নিয়েই নকআউট পর্বে উঠল আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত থাকায় কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় পরিবর্তন আনেন। আগের ম্যাচের তুলনায় তিনি করেন মোট ৯টি পরিবর্তন। তবুও শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আলবিসেলেস্তেরা।

ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার ২-০ গোলের লিডে।

দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে মুসা আল-তামারি গোল করে ব্যবধান ২-১ করেন এবং জর্ডানকে ম্যাচে ফেরানোর আশা জাগান।

৬০তম মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নামার মাত্র ২০ মিনিটের মধ্যেই নিজের পরিচিত ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন এই অধিনায়ক। এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ গোল।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জাইরজিনহো (১৯৭০)। তাদের ছাড়িয়ে এবার এককভাবে নতুন ইতিহাসের মালিক হলেন আর্জেন্টাইন মহাতারকা।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডান গ্রুপপর্ব শেষ করেছে পরাজয় দিয়ে।