রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৯ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

উজানের ঢলে ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা, আতঙ্কে নদীপাড়ের মানুষ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। বন্যা ও নদীভাঙনের শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৮ জুন) রাত ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সকাল থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। এতে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি প্লাবিত হয়েছে।

পানির উচ্চতা বৃদ্ধির ফলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলের কারণে তিস্তার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, উজানের ঢলে নদীর পানি বেড়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।