রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৯ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের জন্য ২০ কোটি টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। এরপর কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বিবৃতি দেন স্থানীয় সরকারমন্ত্রী।

এর আগে রোববার অধিবেশনের শেষ দিকে বিবৃতি দেওয়ার চেষ্টা করলেও পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পেয়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। তখন মন্ত্রী জানান, তিনি সোমবার এ বিষয়ে বক্তব্য দেবেন।

সোমবার দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।”

তিনি জানান, এই অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়নকাজে ব্যয় করা হবে।

এ সময় বিরোধী দলের সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বরাদ্দ জেলা পরিষদের মাধ্যমে দেওয়া হচ্ছে। সিটি করপোরেশন এলাকার জন্যও পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে।

‘৪০ বছর সংসদে থেকেও একটি কানাকড়ি পাইনি’

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবেও তিনি কখনো এমন কোনো বরাদ্দ পাননি।

তিনি বলেন, “৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি, এর বাইরে আর কিছু নয়।”

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, বাজেট আলোচনায় তিনি দেশের বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেছেন।

স্পিকার আরও বলেন, সভাপতির আসনে থাকার কারণে নিজের নির্বাচনি এলাকা ভোলার সমস্যাগুলো তিনি সংসদে তুলে ধরতে পারেন না। তবে বিরোধীদলীয় নেতা সেগুলো বক্তব্যে উল্লেখ করেছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিরোধীদলীয় নেতার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করেন স্পিকার।