রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০১ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এইচএসসি পরীক্ষা শুরু কাল, প্রস্তুত ২ হাজার ৬৯৭ কেন্দ্র

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত, বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১ আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের তুলনায় ১৪ হাজার ৩১৬ জন বেশি। এসব শিক্ষার্থী ৪ হাজার ৮৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৮০৩ জন বেশি। তারা ২ হাজার ৭০৫টি মাদ্রাসা থেকে ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও বিএমটি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। এ সংখ্যা গত বছরের তুলনায় ১ হাজার ৬৪৭ জন কম। তাদের জন্য নির্ধারণ করা হয়েছে ৬১০টি পরীক্ষা কেন্দ্র।

এ বছর সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য আসন বিন্যাসেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ৫ থেকে ৬ ফুট দীর্ঘ বেঞ্চে দুজন এবং ৪ ফুট দীর্ঘ বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবে। প্রতি কক্ষে কমপক্ষে দুইজন কক্ষ পরিদর্শক থাকবেন এবং প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন অতিরিক্ত পরিদর্শক দায়িত্ব পালন করবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যকর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আগের বছরের মতোই দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস এবং পর্যাপ্ত কক্ষ পরিদর্শকের ব্যবস্থা করতে কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর কেউ এলে তার তথ্য নথিভুক্ত করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কারও অযথা জটলা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে থাকবে।

এবার প্রথমবারের মতো সব এইচএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রগুলোকে ক্যামেরার তথ্য, ডিভাইস সিরিয়াল নম্বর, আইডি ও পাসওয়ার্ড পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও পর্যবেক্ষক ছাড়া অন্য কারও কেন্দ্রে অবস্থান নিষিদ্ধ থাকবে। পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের টয়লেট তল্লাশি করে নকলের কোনো উপকরণ পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে জব্দ ও অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।

তবে গত বছরের মতো এবারও পরীক্ষা সূচির ফাঁকে ফাঁকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের পাঠদান চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।