বুধবার
০১ জুলাই ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ জাকের হোছাইন প্রকাশ জাগীর হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জুলাই) ভোররাতে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জাকের হোছাইন প্রকাশ জাগীর হোসেন ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ার বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর মিয়ানমার সীমান্তসংলগ্ন অংশে একটি নৌকার গতিবিধি নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে এক ব্যক্তি দুটি বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দল তাকে আটক করে।
পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।