বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ জামান স্পিকারের এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইরানে আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।
খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান। সূচি অনুযায়ী, ৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।