শুক্রবার
০৩ জুলাই ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: ভারত সরকার সরকারি বিদ্যুৎ অবকাঠামো প্রকল্পের দরপত্রে অংশগ্রহণের জন্য চীনের চারটি বিদ্যুৎ সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বিশেষ অনুমতি দিয়েছে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের ২৪ জুনের এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— টিবিইএ এনার্জি (TBEA Energy), নানজিং ইলেকট্রিক ইন্ডিয়া (Nanjing Electric India), নিউ নর্থইস্ট ইলেকট্রিক ইন্ডিয়া (New Northeast Electric India) এবং তাইকাই ইলেকট্রিক (ইন্ডিয়া)। এসব প্রতিষ্ঠান ভারতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।
সরকারি আদেশে বলা হয়েছে, ভারতে উৎপাদন ইউনিট রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পে কাজ করছে—এমন চীনা কোম্পানিগুলোর জন্য বিশেষ ছাড় চেয়ে চলতি বছরের জানুয়ারিতে আবেদন করেছিল ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই অর্থ মন্ত্রণালয় এই অনুমোদন দেয়।
এর আগে ২০২০ সালে ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পর সরকারি প্রকল্পে চীনা কোম্পানির অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নয়াদিল্লি। ওই সময় থেকে সরকারি দরপত্রে অংশ নিতে হলে চীনা প্রতিষ্ঠানগুলোকে সরকারের নির্ধারিত প্যানেলে নিবন্ধন এবং রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে উত্তেজনা কিছুটা কমে আসার প্রেক্ষাপটে ভারত সরকার ধীরে ধীরে ওই বিধিনিষেধ শিথিলের বিষয়টি বিবেচনা করছে।
একই সঙ্গে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে দেশের সঞ্চালন (ট্রান্সমিশন) নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণের প্রয়োজনীয়তাও এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অর্থ মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, এই বিশেষ অনুমোদন জারির তারিখ থেকে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে স্পষ্ট করে বলা হয়েছে, এই ছাড় শুধুমাত্র উল্লিখিত চারটি কোম্পানির জন্য প্রযোজ্য এবং ভবিষ্যতে অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি নজির হিসেবে গণ্য হবে না।