শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০৪ জুলাই ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনায় উত্তেজনায় ফুটবল বিশ্ব

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের শেষ বত্রিশ পর্বের সব ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের শেষ ষোলোর সূচি। কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষ হওয়ার পর নির্ধারিত হয় শেষ ষোলোর সব জুটি। এবার নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে নরওয়ের বিপক্ষে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর ছিল আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে। মায়ামিতে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে নবাগত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় ওঠা মিসরই হয়েছে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ।

এবারের বিশ্বকাপে শেষ বত্রিশ থেকেই দেখা গেছে একের পর এক চমক। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর—এই তিনটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। বিশেষ করে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের শেষ ষোলোয় ওঠা টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় হিউস্টনে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলোর লড়াই। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে।

রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সিতে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। অন্যদিকে, ৭ জুলাই বাংলাদেশ সময় রাতে আটলান্টায় মিসরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। একই দিনে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলোর পর্ব।

এ ছাড়া ৬ জুলাই ডালাসে স্পেন ও পর্তুগালের মধ্যকার ম্যাচটিও ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শেষ ষোলোর পর একদিন বিরতি দিয়ে ৯ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল।

ড্র অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দুই দলই নিজেদের পরবর্তী ম্যাচগুলো জিততে পারলে ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই ডালাসে। আর বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউজার্সিতে।