সোমবার
০৬ জুলাই ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও অসন্তোষের পর বিল বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছে বিদ্যুৎ বিভাগ। বিভাগের দাবি, মিটারের ত্রুটির কারণে নয়, বরং নতুন ট্যারিফ কার্যকর, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চতর ট্যারিফ স্ল্যাবে চলে যাওয়ায় অনেক গ্রাহকের বিল বেড়েছে।
সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনে আয়োজিত চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ক ব্রিফিংয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।
বিদ্যুৎ বিভাগ জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন ট্যারিফ জুন মাস থেকে কার্যকর হওয়ায় একই পরিমাণ অর্থে আগের তুলনায় কম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে প্রিপেইড মিটারের গ্রাহকদের আগের চেয়ে বেশি বার রিচার্জ করতে হচ্ছে, যা অনেকের কাছে অতিরিক্ত অর্থ কেটে নেওয়ার মতো মনে হচ্ছে।
এছাড়া তীব্র গরম, কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, ফিফা বিশ্বকাপ, এসএসসি পরীক্ষা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা ও ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক গ্রাহক উচ্চতর ট্যারিফ স্ল্যাবে চলে যাওয়ায় তাদের বিলও বেড়েছে।
তবে বিভাগ স্বীকার করেছে, কিছু ক্ষেত্রে বিল প্রস্তুতের সময় করণিক ভুল হয়েছে। এসব বিল পুনঃযাচাই করে প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে।
বিদ্যুৎ বিভাগ আরও জানায়, নিম্ন আয়ের গ্রাহকদের কথা বিবেচনায় রেখে লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের ট্যারিফ বহাল রাখা হয়েছে। পাশাপাশি উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো এবং স্মার্ট মিটারিং সম্প্রসারণে কাজ চলছে।
যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। অভিযোগের ভিত্তিতে মিটার পরীক্ষা, বিল পুনঃযাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মিটার ভাড়া নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেটিও সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বিভাগটি।
এছাড়া বিদ্যুৎ বিল সংক্রান্ত সংবাদ প্রকাশে তথ্য যাচাই করে দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত হয়ে বিদ্যুৎ স্থাপনার ক্ষতি না করারও অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।