শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

০৭ জুলাই ২০২৬

২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভারী বর্ষণে সাজেকে ভ্রমণে ‘না’, জেলা প্রশাসনের জরুরি নির্দেশ

রাঙামাটি প্রতিনিধি:: টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকির কারণে এবার রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস এবং সাম্প্রতিক সময়ে জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

এ পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া পাহাড়ধসের আশঙ্কা থাকায় রাঙামাটিতে চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই কারণে বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্রেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধস ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।