শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বুধবার

০৮ জুলাই ২০২৬

২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম ও রাঙামাটিতে ৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বন্যা পরিস্থিতি ও টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে।

তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে পৃথক প্রশ্নপত্রে নেওয়া হবে। পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।

এদিকে, টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। একই সময়ে রাঙামাটিতেও অব্যাহত ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।