বুধবার
০৮ জুলাই ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে এ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ক্ষতিগ্রস্ত এলাকা গ্যাংকারে করে পরিদর্শন করেন। পরে তিনি হাঁটুসমান পানিতে নেমে রেললাইনের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ৫০০ মিটার রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। পরিদর্শনের সময়ও সেখানে দেড় ফুটের মতো পানি ছিল।
পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা রেল চলাচলের নিরাপত্তা, জলাবদ্ধতার কারণ এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।
এদিকে, পরিস্থিতির কারণে ঢাকা থেকে আসা কক্সবাজার এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটি বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন।
প্রাকৃতিক দুর্যোগজনিত এই সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।