রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৮ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

উখিয়ায় পাহাড়ধসের ট্র্যাজেডি, হিফজখানায় প্রাণ হারাল ৫ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি:: টানা ভারী বর্ষণের মধ্যে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হিফজখানার (মাদ্রাসা) ওপর পাহাড় ধসে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫ ‘এ’-এর একটি মেয়েদের হিফজখানায় এ দুর্ঘটনা ঘটে।

ক্যাম্পের রোহিঙ্গা মাঝি (নেতা) দিল মোহাম্মদ জানান, পাহাড়ধসের সময় হিফজখানার ভেতরে ৩০ জনের বেশি ছাত্রী অবস্থান করছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন।

তিনি জানান, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও গত রোববার রাতে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক পাহাড়ধসের ঘটনায় আটজন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে একই পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন। আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।

টানা বর্ষণ অব্যাহত থাকায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ঘেরা এলাকাগুলোতে নতুন করে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। ফলে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে দেখা যাচ্ছে।