শুক্রবার
১০ জুলাই ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: নগরের কোতোয়ালী থানা এলাকায় বাসে যাত্রী সেজে ছিনতাই করা সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চক্রটির মূল হোতা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনসহ মোট ১১টি স্মার্টফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এম্পুমিয়ার বাড়ির বাসিন্দা এবং শামছুল আলমের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী এলাকায় একটি বাসে যাত্রীবেশে উঠে ছোরা দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় সংঘবদ্ধ একটি চক্র।
এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পটিয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ভুক্তভোগীর মোবাইল ফোনসহ মোট ১১টি স্মার্টফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেছে, সে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সহযোগীদের নিয়ে নগরের নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় বাসের যাত্রী, ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই চালাত বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।