শুক্রবার
১০ জুলাই ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পানিবন্দি ৬০০ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে বহদ্দারপাড়া এবং বিকেলে মীরপাড়া এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য সওকত আলমের নির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিএনপি নেতা হাজি আবু আকতারের উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, প্রথম দিনে মীরপাড়া ও বহদ্দারপাড়ার মোট ৬০০টি পানিবন্দি পরিবারের হাতে চাল তুলে দেওয়া হয়েছে। চলমান বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুর হক মেম্বার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ইব্রাহিম সওদাগর, মো. বশির আহমদ, মো. জহুর মিয়া, মো. সেলিম, মো. হারুন, মো. মামুন, জহির সওদাগর, মো. ওসমান, পৌরসভা ছাত্রদল নেতা বাপ্পি, মো. রহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা জানান, পানিবন্দি ও অসহায় মানুষের জন্য এ ধরনের ত্রাণ সহায়তা পর্যায়ক্রমে আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।