রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৪ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বন্যায় পরীক্ষা দিতে না পারলে পুনঃপরীক্ষা, আশ্বাস শিক্ষামন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বন্যা ও টানা বৃষ্টির কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে না পারলে প্রয়োজন হলে তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে—এটাই সরকারের প্রত্যাশা। বন্যা ও দুর্যোগের কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, প্রশাসনের কোনো ভুল সিদ্ধান্তে যদি কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুলের বিষয়েও সরকার ব্যবস্থা নিয়েছে। ওই প্রশ্নের ৬ ও ৭ নম্বরের জন্য সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রটি আগের প্রশ্ন প্রণয়নকারী ও মডারেটরদের মাধ্যমে প্রস্তুত হয়েছিল।

তিনি বলেন, প্রশ্ন প্রণয়নের প্রক্রিয়া দুই বছর আগে থেকেই শুরু হয়। বর্তমান সরকার নতুন করে কোনো প্রশ্ন তৈরি করেনি। তবুও ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছিল এবং পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, সার্বিকভাবে পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় সেখানে পরীক্ষা বিলম্বে শুরু করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাকে বাড়ি থেকে পোশাক পরিবর্তন করে এসে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং তার জন্য পরীক্ষার সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়।