বুধবার
১৫ জুলাই ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে পরীক্ষা শেষে উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের চারটি লেনই বন্ধ হয়ে যায়। ফলে এ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ, নবাব হাবিবুল্লাহ কলেজ ও উত্তরা হাইস্কুলের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।
আন্দোলনরত নবাব হাবিবুল্লাহ কলেজের এক শিক্ষার্থী বলেন, “আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছি। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের লংমার্চ কর্মসূচি চলবে।”
এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবারও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা আসেনি।
সরকার ইতোমধ্যে জানিয়েছে, বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে।
এর আগে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন, বুধবারের পরীক্ষা স্থগিত না হলে তারা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালন করবেন। তবে নির্ধারিত সূচি অনুযায়ী এদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।