বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্পোর্টস ডেস্ক:: দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা লড়াই নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুই গোলে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার হয়ে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতেই এলিয়ট অ্যান্ডারসনকে ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফাউলবহুল প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয়। এর মধ্যে আর্জেন্টিনা করে ১২টি এবং ইংল্যান্ড ৭টি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। এরই ফল আসে ৫৫তম মিনিটে। মরগান রজার্সের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশে ইংলিশদের এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।
গোল হজমের পর একের পর এক পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় নিকো গঞ্জালেজকে নামান কোচ লিওনেল স্কালোনি। পরে হাইড্রেশন বিরতির পর আরও তিনটি পরিবর্তন এনে মাঠে নামানো হয় নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও গনসালো মন্তিয়েলকে।
শেষ ২০ মিনিটে ম্যাচে বাড়তে থাকে উত্তেজনা। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে সেমিফাইনাল।
ম্যাচের ৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ।
এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। সেই গোলেই নিশ্চিত হয় আর্জেন্টিনার নাটকীয় জয়।
শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টা চালালেও আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করতে পারেনি ইংল্যান্ড। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
এই জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। সেখানে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।