শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৬ জুলাই ২০২৬

২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল’—স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের আড়ালে একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারকে বিব্রত করতে চায়—এমন কিছু মহল তো আছেই। বিভিন্ন ইস্যুতে তারা নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই প্রকৃত ছাত্র বা পরীক্ষার্থী নয়।”

তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছে এবং সরকার এ বিষয়ে ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে দুটি ভুল থাকার বিষয়টি তদন্ত করে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। “এখানে সমস্যার সমাধান হয়ে গেছে,” বলেন তিনি।

শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি মন্তব্যে অনেকেই কষ্ট পেয়েছেন। শিক্ষামন্ত্রী সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।”

সরকারকে বিব্রত করার চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। ঢাকাসহ কয়েকটি জায়গায় এমন কিছু লোককে দেখা গেছে, তবে তাদের সংখ্যা খুব বেশি নয়। বিষয়টি গণমাধ্যমে আসায় গুরুত্ব পেয়েছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।”