শুক্রবার
১৭ জুলাই ২০২৬
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: রাঙামাটিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাহাড়ধসের ঝুঁকি এখনো কাটেনি। একই সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ থেকে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল-এ পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খুলে প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হতে পারে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে গেট আরও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট দিয়ে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
এদিকে কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধির কারণে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াটে পৌঁছেছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়তে পারে।
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে রাঙামাটির বিভিন্ন এলাকায় সড়ক, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং কর্ণফুলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সম্ভাব্য পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।