রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৮ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—বিদ্যুৎমন্ত্রী টুকু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।”

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মিরপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে। সবাইকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং অনিয়ম-দুর্নীতি থেকে বিরত থাকতে হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকেই দলটি দেশের তাঁতশিল্পকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষ্য, শুধু গত ১৭ বছর নয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছেন।

সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন, কাউকে ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং কোনো ধরনের কারচুপি ছাড়াই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে।

শেখ হাসিনার সময়ের প্রসঙ্গ টেনে টুকু বলেন, তিনি একসময় বলেছিলেন ক্ষমতাসীন অবস্থায় দেশে জীবিত ফিরবেন না। তবে তার দাবি, স্বৈরাচারের পতনের পর তিনি স্বাধীন দেশে ফিরে এসেছেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।